বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌর, কলেজ, মাদ্রাসা, আবাসিক হল, আঞ্চলিক শাখা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলোকে সর্বোচ্চ নির্দেশনা প্রদান করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ৮ দফা দাবিতে আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বরের সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনে ছাত্রলীগ সর্বাত্মক সমর্থন দিচ্ছে। কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি ও নির্দেশনা দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুগম করতে দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ ছাত্রলীগ। কোনো নিপীড়নের মুখেই সংগঠনের নেতাকর্মীরা পিছিয়ে যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় রাজপথে প্রতিরোধ গড়ে তোলা এবং দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। পাশাপাশি সব সাংগঠনিক স্তরে কেন্দ্রীয় নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
