ইউনূস আমলের টিকা সংকটের রেশ, বিএনপি আমলেও কমছে না হামে শিশুমৃত্যু, একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৭ শিশু। সব মিলিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। শিশুদের এমন প্রাণহানির ঘটনায় দেশের টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্য ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে যথাক্রমে ৬১, ৩২ ও ৩০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২০৯ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

এত বিপুলসংখ্যক শিশুর মৃত্যু দেশের টিকাদান ব্যবস্থার দুর্বলতা, টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব এবং স্বাস্থ্য খাতের প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন সামনে এনেছে। বিশেষজ্ঞদের মূল্যায়নেও নিয়মিত টিকাদানে ঘাটতি, টিকার মজুত সংকট এবং বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বিলম্বকে প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে হাম-রুবেলা টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব এবং নিয়মিত টিকাদান কার্যক্রমে বিঘ্নের অভিযোগ তদন্তে গত ৫ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে বর্তমান সরকার। কমিশনকে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের টিকা সংগ্রহ ও বিতরণসংক্রান্ত অনিয়ম এবং দায়দায়িত্ব চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলেও মৃত্যুর সংখ্যা কমানো এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রত্যাশিত অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছে। সরকার বিশেষ টিকাদান কর্মসূচি ও বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার উদ্যোগ নিলেও নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। ফলে চলমান সংকট মোকাবিলায় এসব উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে জবাবদিহির দাবি জোরালো হচ্ছে।

শিশুদের এমন প্রাণহানি ঠেকাতে টিকার পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, বাদ পড়া শিশুদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনা এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অতীতের টিকাদান ব্যবস্থাপনায় ঘাটতির দায় নির্ধারণ এবং বর্তমান সরকারের পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়নের দাবি উঠেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ