আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বানে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকযোগে শত শত নেতাকর্মী শহরে এসে মিছিলে অংশ নেন।
সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা হাতে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে তারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু করেন।
মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন এবং আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি সফল করার আহ্বান জানান।
মিছিলকে কেন্দ্র করে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুলিশের পাশাপাশি বিজিবি, এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় শহরজুড়ে রাজনৈতিক স্লোগান ও মিছিলের কারণে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়।
আওয়ামী লীগের নেতাকর্মীদের এ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ জেলা শহরে দিনভর রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা-সমালোচনা দেখা যায়।
ন্যাশনিক্স/এলকে
