নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। দুই পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন। এ সময় তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়া মিছিলে বাধা দিলে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আশপাশের প্রায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা দিতে গিয়ে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা এবং আগুনে পোড়া একটি মোটরসাইকেলের অংশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আরজু ভূঁইয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
