আবারও দাপট দেখালেন রোনালদো:ফোর্বসের তালিকায় সবার শীর্ষে

অবশ্যই পরুন

বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ফোর্বস ২০২৫-২৬ মৌসুমের সর্বোচ্চ আয়ের ১০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে, যেখানে সৌদি প্রো লিগের আল নাসর তারকা রোনালদো সবার ওপরে।

ফোর্বসের তথ্যমতে, আগামী এক বছরে কর ও এজেন্ট ফি বাদে রোনালদোর আনুমানিক আয় হবে ২৮০ মিলিয়ন ডলার। এর মধ্যে ২৩০ মিলিয়ন ডলার আসবে ক্লাব থেকে বেতন ও বোনাস হিসেবে, আর ৫০ মিলিয়ন ডলার আসবে মাঠের বাইরে বিভিন্ন স্পন্সরশিপ ও ব্র্যান্ড চুক্তি থেকে।

৪০ বছর বয়সেও দাপট দেখানো এই পর্তুগিজ কিংবদন্তি গত এক দশকে ষষ্ঠবারের মতো ফোর্বসের তালিকার শীর্ষে উঠলেন। বর্তমানে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি।

দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, যিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। তাঁর মোট আয় ১৩০ মিলিয়ন ডলার, যার মধ্যে ৭০ মিলিয়ন ডলার আসে মাঠের বাইরে অ্যাডিডাস, লেস ও মাস্টারকার্ডের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে।

তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল ইত্তিহাদের অধিনায়ক করিম বেনজেমা মাঠে আয় ১০০ মিলিয়ন এবং অফ-ফিল্ডে আরও ৪ মিলিয়ন ডলার।
চতুর্থ স্থানে কিলিয়ান এমবাপে (৯৫ মিলিয়ন), পঞ্চম স্থানে আরলিং হালান্ড (৮০ মিলিয়ন), ষষ্ঠ স্থানে ভিনিসিয়ুস জুনিয়র (৬০ মিলিয়ন), সপ্তম স্থানে মোহাম্মদ সালাহ (৫৫ মিলিয়ন), অষ্টম স্থানে সাদিও মানে (৫৪ মিলিয়ন), নবম স্থানে জুদ বেলিংহ্যাম (৪৪ মিলিয়ন) এবং দশম স্থানে রয়েছেন বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল (৪৩ মিলিয়ন ডলার)।

মাত্র ১৮ বছর বয়সে ইয়ামাল ফোর্বসের ইতিহাসে সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তিনি বার্সেলোনার সঙ্গে ১০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছেন এবং লিওনেল মেসির পর দলের আইকনিক ১০ নম্বর জার্সি পরে মাঠে নামছেন।

এই মৌসুমে তালিকাভুক্ত ১০ ফুটবলারের মোট আয় দাঁড়িয়েছে ৯৪৫ মিলিয়ন ডলার, যা গত বছরের ৯৮৩ মিলিয়নের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। গতবারের তৃতীয় স্থানধারী নেইমার এবার টপ-১০ থেকে ছিটকে গেছেন, কারণ তিনি সৌদি আরবের আল হিলাল ছেড়ে ব্রাজিলের সান্তোসে ফিরে গেছেন।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ