বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘জুলাই যোদ্ধা’ নামে একটি গোষ্ঠী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং তিনি মনে করছেন, এর পেছনে রয়েছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী। তিনি বলেন, ঘটনার সঙ্গে কোনো প্রতিষ্ঠিত জুলাই বা অভ্যুত্থানমূলক সংগঠন জড়িত নয়।
শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন এই মন্তব্য করেন।
তিনি আরও জানান, জুলাই সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি ও কয়েকটি বাম দল, তবে আশা প্রকাশ করেন তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। সালাহউদ্দিন বলেন, “ভবিষ্যতে স্বাক্ষর করার সুযোগ আছে। এতে করে আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না।”
বিএনপি নেতা বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক। তিনি আশাবাদ প্রকাশ করেন, সরকারের সঙ্গে আলোচনা ও সহনশীলতার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব।
ন্যাশনিক্স/একেএ
