রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সোয়া দুইটার দিকে বিমানবন্দরের আট নম্বর গেট সংলগ্ন কার্গো অংশে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও ২৮টি ইউনিট সেখানে রওনা হয়েছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে বিমানবন্দরের নিজস্ব ফায়ার টিম, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তারা আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং ফ্লাইট পরিচালনা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাস্টমসের কুরিয়ার ইউনিট দিক থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। কার্গো এলাকায় বিভিন্ন কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, তবে দ্রুত পদক্ষেপের কারণে বড় কোনো দুর্ঘটনা এখনও ঘটেনি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ন্যাশনিক্স/একেএ
