রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রাত্রি জানান, প্রায় পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। তিন ভাই ও এক বোনের মধ্যে মেহেদী ছিলেন সবার ছোট। তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড তৈরির কাজ করতেন। রাতের ঘটনায় পুলিশ তাঁদের খবর দেয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের বড় ভাই সোহেল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে পুলিশ আটক করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি তাঁর ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ঘটনার সময় শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে ছুরি-চাকুসহ একজনকে আটক করা হয়। পরে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির ছুরিকাঘাতে কাছাকাছি এক যুবক আহত হয়েছেন এবং তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত মেহেদী হাসানের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে। তাঁর বাবার নাম মো. আলম। তিনি বর্তমানে মিরপুরের বড়বাগ এলাকায় থাকতেন এবং সাইনবোর্ড তৈরির কাজ করতেন।

ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পূর্বশত্রুতার কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ