সনাতন সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব শুভ জন্মাষ্টমী আজ

অবশ্যই পরুন

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন স্থানে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে পৃথিবীতে আবির্ভূত হন। অশুভ শক্তির দমন এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাঁর এই আবির্ভাব ঘটেছিল বলে বিশ্বাস করা হয়।

শ্রীকৃষ্ণের আবির্ভাবের এই তিথিই সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুভ জন্মাষ্টমী হিসেবে পরিচিত। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পূজা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন অন্যায়, অত্যাচার ও পাশবিক শক্তির প্রভাব বেড়ে গিয়ে ন্যায়নীতি, সত্য ও সুন্দর হুমকির মুখে পড়ে, তখন মানবকল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবানের আবির্ভাব ঘটে। সেই বিশ্বাস থেকেই শ্রীকৃষ্ণকে সত্য, ন্যায় ও অশুভের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে স্মরণ করা হয়।

শুভ জন্মাষ্টমী সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ধর্মীয় আচার পালনের পাশাপাশি দিনটি ন্যায়, সত্য ও মানবকল্যাণের আদর্শ স্মরণের মধ্য দিয়েও উদযাপন করা হয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ