আগামী সোমবার (১৩ জুলাই) যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘বাংলাদেশ অ্যাট আ ডেমোক্রেটিক ক্রসরোডস: হিউম্যান রাইটস, পলিটিক্যাল ইনক্লুশন, অ্যান্ড দ্য ফিউচার অব ডেমোক্রেটিক গভর্ন্যান্স’ শীর্ষক এই সেমিনারে অন্যতম প্রধান প্যানেল স্পিকার হিসেবে অনলাইনে যুক্ত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
কানাডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স’ (জিসিডিজি)-এর উদ্যোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উলফসন কলেজের লিওনার্ড উলফসন অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সেমিনারটি শুরু হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং আগামী দিনের গণতান্ত্রিক শাসনব্যবস্থার রূপরেখা কেমন হওয়া উচিত—তা নিয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞ ও গবেষকরা এই সেমিনারে আলোচনা করবেন। সজীব ওয়াজেদ জয় প্যানেলিস্ট হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার বিষয়ে নিজের বক্তব্য ও বিশ্লেষণ তুলে ধরবেন।
সেমিনারে সজীব ওয়াজেদ জয় ছাড়াও অনলাইন প্যানেলিস্ট হিসেবে আরও যুক্ত থাকবেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ও সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের প্রতিষ্ঠাতা পাওলো কাসাকা, এলএসই ল স্কুলের রিসার্চ ডিরেক্টর অধ্যাপক তরুণ খৈতান এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের (আইএইচআরসি) ডেপুটি অ্যাম্বাসেডর স্যার ভিনসেন্ট লিন।
এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রায়হান রশিদ, প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ বদরুল আহসান, সুইডেনের আইনজীবী অ্যাডভোকেট মোনা হাগগো স্ট্রিন্ডবার্গ এবং কিংস কলেজ লন্ডনের ড. আশফাক আলম সেমিনারে সশরীরে (ইন-পারসন) উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানটির প্রারম্ভিক বক্তব্য দেবেন জিসিডিজি-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো: হাবিবে মিল্লাত এবং সঞ্চালনার দায়িত্বে থাকবেন যুক্তরাজ্যের মানবাধিকার কর্মী ক্রিস ব্ল্যাকবার্ন। সেমিনারটি আয়োজক সংস্থার ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
