আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক, মেইলে লেখা— ‘চুরি করে জিতেছে’

অবশ্যই পরুন

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ ব্যবধানের জয় ঘিরে বিতর্কের রেশ এবার পৌঁছে গেছে সাইবার জগতেও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) একটি অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে বিতর্কিত বার্তা পাঠানো হলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে এএফএ জানিয়েছে, এসব বার্তা তাদের অনুমোদিত নয়; বরং তারা সাইবার হামলার শিকার হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে-এর প্রতিবেদনে বলা হয়, এএফএর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পাঠানো কিছু ই-মেইলে আর্জেন্টিনার জয়কে ‘চুরি করে জিতেছে’ এবং ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল’ বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে ওই বার্তাগুলোতে মিসরের ফুটবলারদের প্রশংসাও করা হয়েছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এই দাবির স্বাধীন কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি।

ঘটনার পরপরই এএফএ এক বিবৃতিতে জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে অননুমোদিতভাবে কিছু ই-মেইল পাঠানো হয়েছে। সংস্থার ভাষ্য অনুযায়ী, ওই বার্তাগুলো তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী তৈরি করেননি এবং এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।

এএফএ সাধারণ মানুষ ও গণমাধ্যমকে সতর্ক করে জানায়, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক বার্তা, বিশেষ করে যেসব ই-মেইলে লিংক, ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে তারা জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল মিসর। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা দলটি বড় চমকের অপেক্ষায় ছিল। তবে ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসি সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচের রেফারিং নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে ম্যাচ পরিচালনাকারী রেফারি ও সংশ্লিষ্ট অফিশিয়ালদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, ম্যাচ পরিচালনায় পক্ষপাতিত্ব করা হয়েছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

নাটকীয় এই জয়ের সুবাদে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ