নোয়াখালীর সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিং নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারিসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। অভিযোগে তিনি ম্যাচে পূর্বপরিকল্পিতভাবে ফলাফল প্রভাবিত করার দাবি করে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।
অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিতে যান। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি স্থানীয় থানার আইনগত এখতিয়ারের মধ্যে পড়ে না।
লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় তিনি লক্ষ্য করেন, ম্যাচ পরিচালনায় রেফারি একটি দলকে অন্যায্য সুবিধা দিয়েছেন। এর ফলে তাঁর সমর্থিত দল মিসর পরাজিত হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগে তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন।
রাকিবের দাবি, ম্যাচে অন্যায্যভাবে পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি এবং মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন। পাশাপাশি তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ওই তরুণ থানায় লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার না থাকায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বিষয়টি তাঁকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে অভিযোগকারী মো. রাকিব বলেন, ম্যাচটি দেখার পর তিনি এবং তাঁর সঙ্গে থাকা সাক্ষীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর ভাষ্য, ঘটনার বিচার হওয়া প্রয়োজন। পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি একই অভিযোগ আদালতে দাখিল করবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান।
