নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর পুলিশ ক্যাম্পের প্রধান ফটকের সামনে মিছিল করেছেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে গাজীপুর-আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে নেতাকর্মীরা পুলিশ ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেন। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।
স্থানীয় সূত্রের দাবি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলের নির্দেশনায় এ মিছিল বের করা হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ এলাকায় অনেক মানুষের সমাগম ঘটে। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করেন। তবে ঘটনাস্থলের কাছেই পুলিশ ক্যাম্প থাকলেও মিছিলের বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের নজরে আসেনি বলে জানান তাঁরা।
এ বিষয়ে কবিরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, তাঁর চাচির মৃত্যু হওয়ায় তিনি ছুটিতে ক্যাম্পের বাইরে ছিলেন। মিছিলের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামও বিষয়টি তাঁর জানা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
