ফুটবল ইতিহাসের অন্যতম বেদনাদায়ক দিন ৮ জুলাই। ২০১৪ সালের এই দিনে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে হেরে ইতিহাসের অন্যতম বড় ধাক্কা খায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেইমার ও থিয়াগো সিলভাকে ছাড়া মাঠে নামে ব্রাজিল। শুরু থেকেই ছন্দে ছিল জার্মানি।
১১ মিনিটে থমাস মুলারের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ২৩ মিনিটে মিরোস্লাভ ক্লোসা, ২৪ ও ২৬ মিনিটে টনি ক্রুসের জোড়া গোল এবং ২৯ মিনিটে সামি খেদিরার গোলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
বিরতির পরও জার্মানির আক্রমণ থামেনি। বদলি হিসেবে নামা আন্দ্রে শুর্লে ৬৯ ও ৭৯ মিনিটে আরও দুটি গোল করে ব্যবধান ৭-০ করেন।
ম্যাচের শেষ দিকে অস্কার ব্রাজিলের হয়ে একটি গোল শোধ করলেও ৭-১ ব্যবধানের পরাজয় এড়ানো সম্ভব হয়নি।
১৯৫০ সালের মারাকানা ট্র্যাজেডির পর ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল ব্রাজিল। কিন্তু জার্মানির কাছে এই বড় ব্যবধানের হার সেই স্বপ্ন ভেঙে দেয়।
ম্যাচ শেষে ডেভিড লুইজের অশ্রুসিক্ত মুখ হয়ে ওঠে সেই পরাজয়ের প্রতীক।
বহু বছর পেরিয়ে গেলেও ২০১৪ সালের ৮ জুলাইয়ের এই ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় এবং ব্রাজিল ফুটবলের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি হিসেবে বিবেচিত হয়।
ন্যাশনিক্স/এলকে
