২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। তবে টুর্নামেন্টে দলের অগ্রযাত্রা অব্যাহত থাকলে এমএলএসে এক ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপের ফাইনালে উঠলে আর্জেন্টিনাকে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে। অন্যদিকে ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচ। ফাইনালের পর বিশ্রাম বা ক্লান্তির কারণে মেসি ওই ম্যাচে অংশ নিতে না পারলে এমএলএসের নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
এমএলএসের নিয়মে বলা হয়েছে, উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাগত কারণ ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে পরবর্তী লিগ ম্যাচে তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।
গত বছরও একই কারণে মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি।
ন্যাশনিক্স/এলকে
