অভিষেক বিশ্বকাপেই দুর্দান্ত ছন্দে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তিন ম্যাচে পাঁচ গোল করে ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম আলোচিত ফুটবলার হয়ে উঠেছেন তিনি। এবার রাউন্ড অব ১৬-এ তার সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
তবে হালান্ডকে থামাতে আলাদা কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, তাদের লক্ষ্য শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো নরওয়ে দলকে সামলানো।
তিনি বলেন, “আমার মনে হয় না হালান্ডকে থামানোর জন্য আমাদের আলাদা কোনো পরিকল্পনা আছে।”
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।
দলের রক্ষণভাগ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে আনচেলত্তি বলেন, তার ডিফেন্ডারদের নতুন করে হালান্ডকে সামলানোর বিষয়ে শেখানোর কিছু নেই। কারণ তারা ক্লাব ফুটবলে একাধিকবার তার বিপক্ষে খেলেছে।
প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে খেলা গ্যাব্রিয়েল মাগালহায়েস নিয়মিতই ম্যানচেস্টার সিটির হয়ে খেলা হালান্ডের মুখোমুখি হয়েছেন। তাই আনচেলত্তির মতে, একজন খেলোয়াড়কে নয়, পুরো নরওয়ে দলের আক্রমণভাগকে নিয়ন্ত্রণ করাই হবে ব্রাজিলের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে সামলাতে হবে, তা নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। তারা আগেও তার বিপক্ষে খেলেছে। আমরা ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়া এবং প্রতিপক্ষের সামগ্রিক শক্তির দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।”
এদিকে জাপানের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মিডফিল্ডার লুকাস পাকুয়েতা এই ম্যাচে খেলতে পারবেন না। তবে ঊরুর চোট কাটিয়ে ফরোয়ার্ড রাফিনহা দলে ফিরতে পারেন বলে জানিয়েছেন আনচেলত্তি।
ন্যাশনিক্স/এলকে
