তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আটক ৫০ জনকে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়া এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।
তামিলনাড়ু পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রেনটি পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর আটক ব্যক্তিদের পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
ভারতে অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন রাজ্যে নজরদারি ও আইনগত কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযানে আটক ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
