বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল জনতা

অবশ্যই পরুন

বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগের এক কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটে বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায়। পুলিশ জানায়, আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুইয়াকে গ্রেপ্তারের পর একদল স্থানীয় ব্যক্তি পুলিশকে ঘিরে ফেলে। একপর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর হ্যান্ডকাপ উদ্ধারের জন্য স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে পুলিশের দেওয়া চাবি ব্যবহার করে হ্যান্ডকাপ খুলে সেটি পুলিশের কাছে ফেরত দেওয়া হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা মামলার এজাহারে রাসেদুল ইসলাম সেতু ভুইয়ার নাম ৫ নম্বর আসামি হিসেবে রয়েছে।

ওসি আরও জানান, তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা করেছেন। সেতু ভুইয়াসহ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ব্যবহৃত হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়েছে। তবে পলাতক অভিযুক্ত ও তাকে ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ