মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও মব সহিংসতার ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং শ্রমিক নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে সংগঠনটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯ জন নিহত এবং ৩৪৬ জন আহত হয়েছেন। পাশাপাশি ৬৩টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ৩১ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১০৬ জন ধর্ষণের শিকার হন, যাদের অধিকাংশই শিশু ও কিশোরী। এছাড়া নির্যাতনের বিভিন্ন ঘটনায় ২৯১ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫৪ শিশুর মৃত্যু হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এইচআরএসএস। জুন মাসে ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতন, হামলা বা হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া কয়েকজন সাংবাদিককে আটক এবং একাধিক মামলায় আসামি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শ্রমিক অধিকার, সীমান্ত পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সংগঠনটির দাবি, এসব ঘটনার ধারাবাহিকতা দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় বাধা মানবাধিকার পরিস্থিতিকে জটিল করে তুলছে। তিনি মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
ন্যাশনিক্স/এলকে
