২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চিঠি

অবশ্যই পরুন

পবিত্রতা ও আস্থার প্রতীক কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবারও বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি পাওয়া গেছে একটি ব্যতিক্রমী চিঠি। বাংলাদেশ ফুটবল দলকে ২০৩০ সালের বিশ্বকাপে দেখতে চেয়ে এক ফুটবলপ্রেমীর লেখা সেই চিঠিটি নজর কেড়েছে উপস্থিত সবার।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো থেকে এবার রেকর্ড ৪৩ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। এরপর মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হলে অর্থের পাশাপাশি বিভিন্ন মনোবাসনা লেখা চিঠিও পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয় বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ স্বপ্ন নিয়ে লেখা একটি আবেদন।

চিঠিতে লেখা হয়েছে—

“বিসমিল্লাহির রাহমানির রাহিম।

হে আল্লাহ,

আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক। হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলের উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন।

— একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী।”

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে সেখানে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার হয়েছিল।

শনিবারের দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ