চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট পদচারী সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মহিউদ্দিন (৪২) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, একটি ট্রাককে অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাসও মোটরসাইকেলটিকে ওভারটেক করার চেষ্টা করে। এতে মোটরসাইকেলটি ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে আটকে যায় এবং মহিউদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
