২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি আবারও আলোচনায় উঠে এসেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা। তবে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে করা এক প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বকাপের গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচে পাঁচ গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে রোনালদোর নামের পাশে রয়েছে দুই গোল। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেওয়ার পর সংবাদ সম্মেলনে তার সামনে স্বাভাবিকভাবেই উঠে আসে মেসির প্রসঙ্গ।
এক স্প্যানিশ সাংবাদিক জানতে চান, টুর্নামেন্টের পরবর্তী কোনো ধাপে যদি আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি লড়াই হয়, তাহলে সেটি কি দুই কিংবদন্তির সম্ভাব্য ‘বিদায়ী ম্যাচ’ হিসেবে বিশেষ কিছু হয়ে উঠবে? প্রশ্নটি শুনেই বিরক্তি প্রকাশ করেন রোনালদো। তিনি বলেন, এমন প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ এটি তার কাছে পুরোপুরি অর্থহীন। তার মতে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয়, গ্রুপ পর্ব পার হওয়া এবং সামনে অপেক্ষা করা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা।
রোনালদো আরও বলেন, উজবেকিস্তানের বিপক্ষে তিনি গোল করেছেন, ভালো খেলেছেন এবং দলকে সাহায্য করতে পেরেছেন—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে সামনে কলম্বিয়ার বিপক্ষে কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে।
সংবাদ সম্মেলনের আরেক পর্যায়ে একজন সাংবাদিক মেসির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে প্রশ্ন শুরু করতেই রোনালদো মাঝপথে তাকে থামিয়ে অন্য সাংবাদিককে প্রশ্ন করার ইঙ্গিত দেন। পরিস্থিতি সামাল দিতে ওই সাংবাদিক জানতে চান, তিনি কি আরেকটি প্রশ্নের উত্তর দিতে আগ্রহী? জবাবে রোনালদো বলেন, প্রশ্নের বিষয়বস্তুর ওপরই সবকিছু নির্ভর করে; পছন্দ না হলে তিনি উত্তর নাও দিতে পারেন।
পরে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে পর্তুগিজ তারকা বলেন, তিনি সবসময়ই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের পাশে থাকার চেষ্টা করেন। নিজের সামর্থ্যের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং পুরো ক্যারিয়ারজুড়েই তিনি একই মানসিকতা নিয়ে এগিয়েছেন। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের ঐক্য, সতীর্থদের সঙ্গে সম্পর্ক এবং নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়াকেই তিনি বেশি গুরুত্ব দেন বলে জানান।
উজবেকিস্তানের বিপক্ষে জয়ের ফলে দুই ম্যাচ শেষে পর্তুগালের সংগ্রহ দাঁড়িয়েছে চার পয়েন্ট। অন্যদিকে টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। আগামী শনিবার মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও পর্তুগাল। সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে গ্রুপের শীর্ষস্থান কার দখলে থাকবে।
