যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্তের দাগ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সাইদের মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের পাশে রক্তমাখা একটি ধারালো চাকুও পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার বা মাদক-সংশ্লিষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
