ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব উদ্যোগ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি আনবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অতীতে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় একটি সীমিত ধনী গোষ্ঠী বেশি সুবিধা পেয়েছে, ফলে সাধারণ মানুষের অংশগ্রহণ কম ছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের মানুষের আর্থিক সক্ষমতা বাড়বে। এর প্রভাব বাজার ও প্রান্তিক অর্থনীতিতেও ইতিবাচকভাবে পড়বে।
স্বাস্থ্য খাতের প্রসঙ্গ তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে জনগণের ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় এখনও অনেক বেশি। এ পরিস্থিতি কমাতে সরকার স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে। তিনি মনে করেন, জনগণের জন্য প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা নিশ্চিত করা না গেলে দেশের জনসংখ্যাগত সুবিধাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না।
