ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মে) দেওয়া এক বিবৃতিতে রাজ্যপাল জানান, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (খ) উপধারার ক্ষমতাবলে ৭ মে ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বড় ব্যবধানে হারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানান মমতা। তিনি ভোট পুনর্গণনা ও আইনি লড়াইয়ের কথা বলেছিলেন।
তবে ভারতের সাংবিধানিক বিধান অনুযায়ী, বিধানসভার মেয়াদ শেষ হলে বিদায়ী মন্ত্রিসভাও কার্যত বিলুপ্ত হয়ে যায়। ফলে রাজনৈতিক আপত্তি থাকলেও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই শেষ হয়েছে তৃণমূল সরকারের মেয়াদ।
এদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগ না করে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিধানসভা ভেঙে দেওয়ার পর এখন রাজ্যপাল একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন।
ন্যাশনিক্স/এপি
