মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

অবশ্যই পরুন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে সকালে একই আদালতে মামলার আবেদন করেন দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং পরে আদেশ দেওয়ার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

মামলার আবেদনে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নাম উল্লেখ করা হয়। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং রাজউকের কয়েকজন কর্মকর্তাকেও আসামি করার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, গত বছরের ২১ জুলাই আসামিদের তত্ত্বাবধানে থাকা একটি ত্রুটিপূর্ণ এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। পরে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৫ জন নিহত হন। এ ঘটনায় আরও ১৭২ জন দগ্ধ হয়ে গুরুতর আহত ও পঙ্গুত্বের শিকার হন বলে উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, তৎকালীন সরকারপ্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের ঘোষণা দিলেও তিনি দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে অভিযোগ তোলা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ আনা হয়।

এছাড়া বিমান বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়নের অনুমতি দেওয়ার অভিযোগ করা হয়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ও জরুরি নির্গমন পথ ছাড়া ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে রাজউক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ