কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে গরুবাহী ট্রাক থামিয়ে ১০টি কোরবানির গরু লুটের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় ট্রাকচালক ও তার সহকারী আহত হন।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশে রওনা হয়। ভোরের দিকে ট্রাকটি বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি দল সড়কে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটির গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা ট্রাকচালক আকরাম হোসেন ও সহকারী দেলোয়ার হোসেনের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। পরে ট্রাকটি চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লাবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পিকআপে গরুগুলো তুলে নিয়ে যায় হামলাকারীরা। যাওয়ার আগে চালক ও সহকারীকে গাছের সঙ্গে বেঁধে ফেলে রাখা হয়।
পরে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গরুর মালিক মো. রফিক জানান, প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন জাতের ১০টি গরু কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছিল।
ন্যাশনিক্স/এএএইচপি
