ইরানে কি পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র, যা বলল ট্রাম্পের দপ্তর

অবশ্যই পরুন

ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে বাড়তে থাকা জল্পনার মধ্যে পারমাণবিক হামলার আশঙ্কা সরাসরি নাকচ করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত ছিল না।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, “আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না।” তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তিনি চান না, তবে সেটিই ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।

ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যেগুলো এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় এবং অনেকে ধারণা করেন, যুক্তরাষ্ট্র হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে এগোচ্ছে।

এমনকি সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি এক্স (সাবেক টুইটার) পোস্টেও দাবি করা হয়, ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার ইঙ্গিত রয়েছে।

তবে এসব জল্পনা উড়িয়ে দিয়ে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, ভ্যান্সের বক্তব্যে আক্ষরিক অর্থে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত নেই।

বর্তমান পরিস্থিতিতে ইরানকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলেও, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারমাণবিক হামলার সম্ভাবনা আপাতত নাকচ করা হয়েছে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ