জেট ফুয়েলের দামে রেকর্ড উল্লম্ফন, সংকটে এভিয়েশন খাত

অবশ্যই পরুন

দেশের এভিয়েশন খাতে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। মাত্র তিন মাসের ব্যবধানে এ জ্বালানির দাম বেড়েছে প্রায় ১৪০ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা, যা এপ্রিল মাসে বেড়ে দাঁড়িয়েছে ২২৭ টাকা ৮ পয়সায়।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর ফলেই বাজারে এই বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটেছে।

বিইআরসির তথ্য অনুযায়ী, বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। জানুয়ারিতে দাম কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারিতেও সামান্য বৃদ্ধি পেয়ে লিটারপ্রতি দাম দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সা।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি হলে মার্চে প্রথম ধাক্কা লাগে দামে। সে সময় লিটারপ্রতি দাম বেড়ে হয় ১১২ টাকা ৪১ পয়সা। একই মাসের ২৪ মার্চ দ্বিতীয় দফায় বড় ধরনের সমন্বয়ে দাম এক লাফে বেড়ে দাঁড়ায় ২০২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ এপ্রিল মাসে তা আরও বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছেছে।

জেট ফুয়েলের এই দ্রুত মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটি এ সিদ্ধান্তকে এভিয়েশন খাতের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জ্বালানির বাড়তি খরচের প্রভাব বিমান ভাড়ায় পড়তে পারে। এতে যাত্রীদের ওপর আর্থিক চাপ বাড়বে এবং দেশের পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ