হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে জাহাজ পুড়িয়ে দেওয়া হবে

অবশ্যই পরুন

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা বিপ্লবী গার্ডের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নৌপথ ব্যবহার করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে আগুন ধরিয়ে দেওয়া হবে।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আইআরজিসির নবনিযুক্ত প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি জানান, প্রণালিটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, কোনো জাহাজ এটি অতিক্রমের চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা কঠোর ব্যবস্থা নেবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে। ইরানের দাবি, যৌথ হামলার ঘটনায় তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।

আইআরজিসির বার্তায় আরও বলা হয়েছে, তারা তেলের পাইপলাইনেও হামলা চালাতে পারে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না। ইব্রাহিম জাব্বারি দাবি করেন, চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ