অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর প্রায় চার বছর পরও তাকে ভুলতে পারেননি নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্পিনারকে নিজের আদর্শ মানেন সোধি।
বিশেষ করে ওয়ার্নের বিখ্যাত ‘ফ্লিপার’ ডেলিভারি আয়ত্ত করার সময় তার কথা বেশি মনে পড়ে সোধির। ২০১০ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলার সময় ওয়ার্নের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা এখনো অনুপ্রেরণা জোগায়।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সফল উইকেটশিকারি সোধি জানিয়েছেন, মাঝে মাঝে তিনি প্রয়াত ওয়ার্নের পুরোনো ফোন নম্বরে বার্তা পাঠান। ফ্লিপারে উইকেট পেলে ভিডিও পাঠিয়ে লেখেন ‘ওয়ার্নি, যদি এটা দেখতে!’ যদিও জানেন কোনো উত্তর আসবে না, তবুও এই বার্তাগুলো তার কাছে আবেগের জায়গা থেকে পাঠানো।
এক সাক্ষাৎকারে সোধি বলেন, পুরোনো ধাঁচের ফ্লিপার নিয়ে তিনি আবার কাজ করছেন যেভাবে ওয়ার্ন তাকে শিখিয়েছিলেন। ক্যারিয়ারের শেষ কয়েক বছরে এসে এই ডেলিভারি তিনি আরও বেশি ব্যবহার করছেন।
২০২২ সালের মার্চে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান শেন ওয়ার্ন। আইপিএলের শুরুর তিন আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জেতানোর কৃতিত্বও রয়েছে তার। ক্রিকেট বিশ্বে তিনি আজও অনুপ্রেরণার নাম।
ন্যাশনিক্স/এলকে
