বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ

অবশ্যই পরুন

আজ ২৬ ফেব্রুয়ারি মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ সন্তান নূর মোহাম্মদ শেখ–এর ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমানে নূর মোহাম্মদনগর) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ আমানত শেখ এবং মাতা জেন্নাতুন্নেছা।

শৈশবেই বাবা-মাকে হারান নূর মোহাম্মদ। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এ যোগ দেন, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে পরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালন করেন। পরে ১৯৭০ সালের জুলাই মাসে যশোর সেক্টরে বদলি হন এবং ল্যান্স নায়েক পদে পদোন্নতি লাভ করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৮ নম্বর সেক্টরের অধীনে সম্মুখযুদ্ধে অংশ নেন। সে সময় সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী, পরবর্তীতে দায়িত্ব পালন করেন এস এ মঞ্জুর। তাঁদের নেতৃত্বে যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন নূর মোহাম্মদ।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। সহযোদ্ধাদের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। তাঁর এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।

শহীদের স্মৃতিকে অম্লান করে রাখতে ২০০৮ সালে তাঁর জন্মস্থান মহিষখোলার নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদনগর’ রাখা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতি আজ এই মহান বীরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ