টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। সুপার এইটে জায়গা নিশ্চিত করতে আজ বুধবার কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
রবিবার ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর চাপে পড়ে যায় পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছে ভারত। বাকি একটি জায়গা নির্ধারিত হবে নেট রানরেটের হিসাবেই। সেই লড়াইয়ে এখন মুখোমুখি অবস্থানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।
দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের নেট রানরেট -০.৪০৩, যেখানে যুক্তরাষ্ট্রের ০.৭৮৮। ফলে হিসাব-নিকাশে পিছিয়ে থেকেই মাঠে নামতে হচ্ছে বাবর-সালমানদের।
তবে সমীকরণটা পরিষ্কার—নামিবিয়াকে হারাতে পারলেই সুপার এইট নিশ্চিত করবে পাকিস্তান। হারলেই বিদায়। সে ক্ষেত্রে নেদারল্যান্ডসের সামনে সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তাদেরও আহমেদাবাদে স্বাগতিক ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে।
টুর্নামেন্টজুড়ে পাকিস্তানের ব্যাটিংই সবচেয়ে আলোচিত। অভিজ্ঞ বাবর আজম ও অধিনায়ক সালমান আগার নেতৃত্বে টপ অর্ডার ভারতের বিপক্ষে একই ভেন্যুতে চাপে ভেঙে পড়ে। বিশেষ করে বাবর আজম ৭ বলে মাত্র ৫ রান করে সমালোচনার মুখে পড়েন। তাকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহলে।
বোলিং বিভাগও প্রত্যাশা পূরণ করতে পারেনি। পেস আক্রমণের মূল ভরসা শাহীন আফ্রিদি ভারতের বিপক্ষে দুই ওভারে ৩১ রানের বেশি খরচায় মাত্র একটি উইকেট নেন। পাশাপাশি টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তও প্রশ্নের মুখে পড়ে।
সব মিলিয়ে আজকের ম্যাচ পাকিস্তানের জন্য ‘ডু অর ডাই’।
ন্যাশনিক্স/এপি
