ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাঁচ দিন পরও আঙুলে থাকা কালির দাগ নিয়ে ধর্মীয় অনুশাসন পালন প্রসঙ্গে দুশ্চিন্তা প্রকাশ করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। ছবিতে দেখা যায়, বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন বর্ষা; নখের ওপর এখনও স্পষ্ট ভোটের কালির দাগ। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “Vote এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬দিন।”
পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া জানান। কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরামর্শ দিয়েছেন, কেউ আবার কালির স্থায়িত্ব নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই অভিনেত্রী। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তোলা একটি ছবিও তিনি প্রকাশ করেছিলেন।
সেখানে চশমা পরা স্নিগ্ধ সাজে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায় তাকে, আর আঙুলে ছিল ভোট দেওয়ার চিহ্ন।
