ঢাকা-১৩ আসন থেকে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আহ্বান পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান শেষে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ববি হাজ্জাজ। তিনি মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭টি ভোট।
একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী জোট পায় ৭৭টি আসন। এর মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি এবং শরিক দলগুলো ৯টি আসনে বিজয়ী হয়।
৩০০ আসনের জাতীয় সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ন্যূনতম ১৫১টি আসন। সে হিসেবে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের সক্ষমতা অর্জন করেছে। দলের নিরঙ্কুশ জয়ের পর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
দলের নেতারা বলছেন, এবারের নির্বাচনী সাফল্যের পেছনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে দলীয় ঐক্য, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক পুনর্গঠন এবং নেতৃত্বের সক্রিয়তা। বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা দলকে নতুন গতি দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকার সামনে গণতন্ত্র, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করবে।
