বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানিকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। একদিকে দ্বিতীয় সন্তানের অপেক্ষা, অন্যদিকে দাম্পত্য জীবনের নানা মজার অভিজ্ঞতা—সব মিলিয়ে আলোচনায় রয়েছেন এই তারকা জুটি।
জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের নতুন পর্বে একসঙ্গে হাজির হয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহরের সঙ্গে আড্ডায় উঠে এসেছে তাদের বিয়ের স্মৃতি, ব্যক্তিগত জীবন এবং দাম্পত্যের নানা মজার মুহূর্ত।
পর্বটির প্রকাশিত প্রোমোতে দেখা যায়, জয়সলমীরে তাদের বিয়ের অনুষ্ঠানের একটি মজার ঘটনা স্মরণ করছেন কিয়ারা। বিয়ের আয়োজনে করণ জোহরের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন অভিনেতা শহীদ কাপুর। তবে নাচ শেষ হওয়ার পর করণ তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন বলে মজার ছলে সেই স্মৃতি তুলে ধরেন কিয়ারা।
আড্ডার একপর্যায়ে দম্পতির ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করেন করণ। সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব বাস্তব জীবনে, বিশেষ করে শোবার ঘর পর্যন্ত পৌঁছায় কি না, জানতে চান তিনি। উত্তরে সিদ্ধার্থ বলেন, কাজের বিষয়গুলো তারা কখনো বাড়িতে নিয়ে আসেন না, বিশেষ করে শোবার ঘরে তো নয়ই।
এরপর তাদের ডেট নাইট নিয়ে প্রশ্ন করেন করণ। রাতের খাবারের পরও একান্ত সময় কীভাবে উপভোগ করেন, তা জানতে চাইলে কিয়ারা নিজের বেবি বাম্পে হাত রেখে মজার ছলে বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’
কিয়ারার এমন তাৎক্ষণিক জবাবে হাসিতে ফেটে পড়েন করণ ও সিদ্ধার্থ। অনুষ্ঠানটির প্রোমো প্রকাশের পর থেকেই তারকা দম্পতির এই মজার কথোপকথন নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
