চাঁপাইনবাবগঞ্জে দুই শতাধিক বাঁশের লাঠিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের জোড়গাছী এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও বিএনপির দাবি, আটক ব্যক্তিরা জামায়াতে ইসলামীর কর্মী।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জোড়গাছী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুই শতাধিক বাঁশের লাঠি জব্দ করা হয়। আটকরা জামায়াতের কর্মী হলেও তাদের কোনো সাংগঠনিক পদ নেই বলেও জানান তিনি।
এর আগে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পরজিপাড়া এলাকায় বাঁশের লাঠি প্রস্তুতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জামায়াতের কর্মীরা লাঠি তৈরি করছেন—এমন অভিযোগ ওঠে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদ অভিযোগ করেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এসব লাঠি প্রস্তুত করা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টদের আটক করে পুলিশে খবর দেন। পরে বিএনপির পক্ষ থেকেও প্রশাসনকে অবহিত করা হয় বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতের শিবগঞ্জ উপজেলা শাখার আমির সাদিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় পতাকা টাঙানোর জন্য লাঠিগুলো প্রস্তুত করা হচ্ছিল, বিশৃঙ্খলা সৃষ্টির কোনো উদ্দেশ্য ছিল না।
ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে।
ন্যাশনিক্স/এএএইচপি
