পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ধারী রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে নগদ ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে একটি ব্যাগভর্তি টাকা উদ্ধার করা হয়। এ সময় রেজাউল করিমকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বিএনপি নেতা হিসেবে দাবি করা হলেও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখনো আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উদ্ধারকৃত অর্থের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
ন্যাশনিক্স/এলকে
