পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) কে ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্যাগভর্তি টাকাসহ তাকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বিএনপি নেতা হিসেবে দাবি করা হলেও কাজল মৃধার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে ওসি মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
