ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করেছেন, নানা কৌশলে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার পরিকল্পনা দেশব্যাপী দৃশ্যমান হয়ে উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ভোটের চেয়ে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর ওপর বেশি নির্ভর করছে। বিশেষ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে তিনি এমন অভিযোগ তোলেন।
তিনি দাবি করেন, অনুপস্থিত ভোটারদের হয়ে ভোট প্রদান, কালি মুছে পুনরায় ভোট দেওয়ার প্রস্তুতি, একই ব্যক্তিকে একাধিকবার ভোট দিতে সহায়তা, কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গুজব ছড়িয়ে ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার মতো নানা কৌশল অবলম্বন করা হতে পারে।
জোনায়েদ সাকি আরও বলেন, কেন্দ্র দখল, জাল ভোট এবং কালো টাকার ব্যবহারের বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ, সাবেক সংসদ সদস্য এম এ খালেকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ন্যাশনিক্স/এলকে
