নির্বাচনে ভোট দিচ্ছেন না লিওনেল মেসি

অবশ্যই পরুন

বার্সেলোনার সভাপতি পদ থেকে হোয়ান লাপোর্তা পদত্যাগ করায় ক্লাবটিতে নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী লাপোর্তা আবারও সভাপতি পদে প্রার্থী হচ্ছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন ভিক্টর ফন্ট। ক্লাবের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছেন দুই ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসি।

তবে এবারের নির্বাচনে ভোট দিচ্ছেন না লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত–এর বরাতে জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততা এবং বর্তমানে বার্সেলোনার ক্লাব কাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত না থাকায় ভোটদান থেকে বিরত থাকছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

যদিও জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টের প্রতি সমর্থন জানিয়েছেন, মেসি এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষেই অবস্থান নেননি। বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিন ধরেই শীতল, আবার ফন্টকে সমর্থন করলেও তা নিয়ে নতুন বিতর্কে জড়াতে চান না তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেসি কোনো প্রার্থীর সঙ্গেই ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন না। এমনকি ভিক্টর ফন্ট জয়ী হলে সবার আগে মেসিকে ফোন করবেন বলে ঘোষণা দিলেও, সে আহ্বানেও সাড়া দেননি মেসি।

২০২১ সালের নির্বাচনে ন্যু ক্যাম্পে উপস্থিত থেকে ভোট দিয়েছিলেন মেসি। সে সময় তাঁর ভোট দেওয়ার ছবি ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি এবং প্রাক-মৌসুম প্রস্তুতির ব্যস্ততায় বার্সেলোনায় আসা তার জন্য কঠিন।

মেসির ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, এবারের নির্বাচনে কোনো পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থান করলে নতুন বিতর্ক তৈরি হতে পারে এ কারণেই তিনি নিজেকে দূরে রাখছেন। ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, মেসি আজীবন বার্সেলোনার সদস্য (সোসিও)। ভোট না দেওয়ার অর্থ এই নয় যে ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা কমে গেছে।

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বার্সেলোনার এই গুরুত্বপূর্ণ নির্বাচন। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে কার হাতে যাচ্ছে কাতালান জায়ান্টের ভবিষ্যৎ নেতৃত্ব।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ