বাংলাদেশের বর্তমান পোর্ট র্যাঙ্কিং অত্যন্ত নিচে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পোর্ট র্যাঙ্কিং এখন ৩৩৯, যা দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় এবং এলডিসি উত্তরণ প্রক্রিয়াও সঠিকভাবে এগোবে না।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একটি দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বন্দর অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত বন্দরের ভাবমূর্তি থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশকে অবশ্যই গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বন্দর পরিচালনায় যেতে হবে। বর্তমান অবস্থান থেকে উত্তরণ না ঘটলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা প্রসঙ্গে বিডা চেয়ারম্যান জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড-এর সঙ্গে কোনো চুক্তি হচ্ছে না। তিনি বলেন, বিষয়টি পর্যালোচনার জন্য প্রতিষ্ঠানটি আরও সময় চেয়েছে।
তবে আশিক চৌধুরী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর এই উদ্যোগ আবারও এগিয়ে নেওয়া হবে। তাঁর মতে, দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই নিউমুরিং কনটেইনার টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি অপারেটরের সহায়তা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-ও উপস্থিত ছিলেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
ন্যাশনিক্স/এলকে
