ঢাকা-১৮ সংসদীয় আসন থেকে নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফলে এই আসনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে থাকছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না এ সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, বিশেষ পরিস্থিতির কারণে তিনি একসঙ্গে ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি জানান, ঢাকা-১৮ আসনটি আয়তনে অত্যন্ত বড়। এখানে সাড়ে সাতটি থানা অন্তর্ভুক্ত এবং ভোটার সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। এই বিশাল এলাকায় নির্বাচন পরিচালনা করতে যে ব্যয় প্রয়োজন, তা বহন করা তাঁর পক্ষে সম্ভব নয়।
এ কারণেই ঢাকা-১৮ আসন থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি। একই সঙ্গে তিনি বলেন, এই সিদ্ধান্তে অনেক সমর্থক ও শুভানুধ্যায়ী কষ্ট পেতে পারেন, যার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
দলীয় সূত্র জানায়, সামগ্রিক রাজনৈতিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই কৌশলগত সিদ্ধান্ত হিসেবে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বর্তমানে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ন্যাশনিক্স/এলকে
