বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত সেই পথে যাচ্ছে না পাকিস্তান এমনটাই ইঙ্গিত মিলছে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে বিমানের টিকিট বুক করেছে।
একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে টুর্নামেন্টে অংশ নেওয়ার দিকেই এগোচ্ছে। দলের নেতৃত্বে থাকা সালমান আলী আঘা ও তার সতীর্থরা অস্ট্রেলিয়া দলের সঙ্গে একসঙ্গে কলম্বো সফরে যেতে পারেন বলে জানা গেছে।
এর আগে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল, তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে বাতিল হয়। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্রতি নৈতিক সমর্থনের কথা জানালেও বিশ্বকাপ বয়কটের বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতি কূটনৈতিক সমর্থনের বিষয়টি উঠে এলেও সম্ভাব্য বড় আর্থিক ক্ষতির প্রসঙ্গ গুরুত্ব পায়। সেই বাস্তবতা বিবেচনায় বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া দেশটির রাষ্ট্রপতি, সামরিক উচ্চপর্যায়ের কর্মকর্তারা এবং সাবেক ক্রিকেট প্রশাসকরাও টুর্নামেন্টে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে। এমনকি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার দিকেই ঝুঁকছে পাকিস্তান।
সব মিলিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কলম্বোর টিকিট বুকিংয়ের খবর বিশ্বকাপ বয়কটের গুঞ্জনে কার্যত পানি ঢেলে দিয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান দল। বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে প্রস্তুতি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
