পাবনার চাটমোহরে নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধসহ এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত ব্যক্তি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চাটমোহর প্রতিনিধি এবং চাটমোহর প্রেস ক্লাবের সদস্য আবদুল লতিফ রঞ্জু।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) চাটমোহর রেলবাজার এলাকায় তার নিজ বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে তার ওষুধের দোকান থেকে বিক্রি নিষিদ্ধ ৪২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো মাদকদ্রব্য হিসেবে নিষিদ্ধ হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটকের পর তাকে ছাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে তদবিরের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত আবদুল লতিফ রঞ্জুকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, চাটমোহর এলাকায় নেশাজাতীয় দ্রব্যের অবৈধ বিক্রি ও সেবন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
