ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অচলাবস্থা নিরসনে বিকল্প সমাধান খুঁজতে ঢাকায় আসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–এর দুই সদস্যের প্রতিনিধি দল। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে বিসিবি ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতির বিষয়টি পুনরায় স্পষ্ট করে এবং টুর্নামেন্টের জটিলতা কমাতে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব তোলে।
বিসিবির যুক্তি ছিল, বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তর করা হলে ভেন্যু ও লজিস্টিক জটিলতা তুলনামূলকভাবে কমবে এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনা সহজ হবে। তবে এই প্রস্তাবে সম্মতি দেয়নি ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির পক্ষ থেকে তাদের চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নির্ধারিত গ্রুপ ও ভেন্যুতে কোনো পরিবর্তন আসবে না।
বর্তমান সূচি অনুযায়ী আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সব গ্রুপ ম্যাচ নির্ধারিত হয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিসিবি ভারতে খেলতে রাজি নয়।
ঢাকার বৈঠকে বিসিবি এই অবস্থান থেকে একচুলও সরেনি বলে জানা গেছে। আইসিসির প্রতিনিধি দল বিষয়টি শুনলেও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি। আয়ারল্যান্ড স্পষ্ট করে দিয়েছে, তারা গ্রুপ বা ভেন্যু পরিবর্তনে আগ্রহী নয় এবং আইসিসির দেওয়া সূচিই বহাল থাকবে।
এ অবস্থায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া না মেলায় টুর্নামেন্ট আয়োজন ও সূচি নিয়ে আইসিসির সামনে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ন্যাশনিক্স/এলকে
