ঢাকা বিশ্ববিদ্যালয়র কেন্দ্রীয় মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ শীর্ষক কনসার্টে ডাকসুর এক নেতার স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের বিদ্রুপাত্মক স্লোগান দিতে দেখা গেছে। এতে অনুষ্ঠানস্থলে কিছু সময়ের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘স্পিরিটস অব জুলাই’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে চলমান সংগীতানুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কনসার্ট চলাকালে মঞ্চে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে একাধিক স্লোগান দিতে শুরু করেন। তিনি যখন ‘কোটা না সংস্কার?’ স্লোগান দেন, তখন শিক্ষার্থীদের একাংশ পাল্টা প্রতিক্রিয়ায় ‘কোটা, কোটা’ বলে চিৎকার করেন। একই সময় আরেক অংশকে ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ বলে বিদ্রুপ করতে শোনা যায়।
পরবর্তীতে মুসাদ্দেক ‘গোলামী না সংস্কার?’ স্লোগান দিলে শিক্ষার্থীদের দিক থেকে ‘যুক্তরাজ্যের চাকরি’ বলে পাল্টা ধ্বনি ওঠে। সবশেষে ছাত্র আন্দোলনের পরিচিত স্লোগান ‘আমি কে, তুমি কে?’ শুরু করলে নিচ থেকে শিক্ষার্থীরা একযোগে ‘মুসাদ্দেক, মুসাদ্দেক’ বলে বিদ্রুপাত্মক স্লোগান দেন।
কনসার্টে উপস্থিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, শিক্ষার্থীরা মূলত ডাকসুর ওই নেতার বক্তব্যে বিরক্ত হয়েই এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার মতে, পূর্বে বিভিন্ন সময়ে ওই ছাত্রনেতার কিছু বিতর্কিত বক্তব্য ও অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
‘এক্স ফোর্স প্রেজেন্টস কুয়াশার গান’ শীর্ষক এই সংগীতানুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল সিটি ব্যাংক। শীতের এই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী কনসার্ট উপভোগ করতে উপস্থিত হলেও স্লোগান-পাল্টা স্লোগানের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
ন্যাশনিক্স/এলকে
