বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে মাঠে নামেননি ক্রিকেটাররা

অবশ্যই পরুন

বিতর্কিত মন্তব্যের জেরে শেষ পর্যন্ত বয়কটের পথেই গেলেন দেশের ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব আগেই সময়সীমা বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হওয়ায় বৃহস্পতিবার থেকে সব ধরনের খেলা বয়কটের সিদ্ধান্ত কার্যকর করা হয়।


এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়েও শুরু হয়নি বিপিএলের ম্যাচ। দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও টস পর্যন্ত হয়নি। দুপুর ১২টা ৩০ মিনিটে টসের সময় কোনো দলই মাঠে হাজির হয়নি।


একই দিনে ঢাকা ক্রিকেট লিগের ম্যাচগুলোও শুরু করা যায়নি। খেলোয়াড়দের মাঠে না নামার কারণে পুরো সূচিই অনিশ্চয়তার মুখে পড়ে।


এদিকে বিসিবি বৃহস্পতিবার এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিলেও তাতে সমাধান আসেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে কোয়াবের নেতৃত্বে ক্রিকেটারদের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।


ক্রিকেটারদের আন্দোলনের ফলে দেশের ঘরোয়া ক্রিকেটে অচলাবস্থা তৈরি হয়েছে এবং পরিস্থিতি দ্রুত সমাধান না হলে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ