বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। নতুন এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা প্রদান প্রক্রিয়ার যাচাই-বাছাই নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এই পর্যালোচনাকালীন সময়ে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের নতুন ভিসা আবেদন আপাতত প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ভিসা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, বিশেষ করে এমন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করাই লক্ষ্য, যারা দেশটিতে গিয়ে সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর অতিরিক্তভাবে নির্ভর করেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করে থাকে। তার এই মন্তব্যের পর নতুন ভিসা নীতিকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়।
ফক্স নিউজের প্রকাশিত তালিকায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক, নেপাল, ভুটান, রাশিয়া, নাইজেরিয়া, মিসর, সিরিয়াসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার মোট ৭৫টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি স্থায়ী নিষেধাজ্ঞা নয়। যাচাই-বাছাই শেষ হলে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
