রাশিয়ার নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রুশ নাগরিকরা খুব শিগগিরই ৩০ দিনের ফ্রি ই–ভিসা এবং ৩০ দিনের গ্রুপ ট্যুরিস্ট ভিসা সুবিধা পাবেন।
মোদি জানান, এ উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এটি শুধু পর্যটনই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে নিয়মিত জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে ভূমিকা পালন করবে।
দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছান পুতিন। পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাতেই তার ভারত ত্যাগের কথা রয়েছে।
ন্যাশনিক্স/এজে
